লিভার জটিলতায় মারা গেলেন অভিনেত্রী কারিনা কায়সার

লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও বাংলাদেশের সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ।
তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরবর্তীতে কারিনার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে তিনি অভিনয় ও চিত্রনাট্য রচনায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।
ওটিটি প্ল্যাটফর্ম ও ছোটপর্দায় ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করছিলেন তিনি। তার অভিনীত ও রচিত আলোচিত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
অকালেই থেমে গেল সম্ভাবনাময় এই তরুণ নির্মাতা ও অভিনেত্রীর পথচলা। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে সৃষ্টি হয়েছে গভীর শোক ও অপূরণীয় শূন্যতা।
(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































