সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

পটুয়াখালীর দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালাতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসে ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থান পরিদর্শনে বের হন শামীমুজ্জামান ফিরোজ। এ সময় তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। একপর্যায়ে পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
স্থানীয়দের দাবি, অটোরিকশাটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালীতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দুমকি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































