সরকার ‘জি হুজুর’ সংস্কৃতিতে চলছে: কর্নেল অলি

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহম্মদ বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। নারীরা নিরাপদ নয়, স্কুল-কলেজও নিরাপদ নয়।
তারেক রহমানকে অনুরোধ করবো, আপনি চারদিকে বিভিন্ন লোক দ্বারা পরিবেষ্টিত। আগে তাদের সম্পর্কে অবগত হন, আগে ঘর সামলান, তারপর বাহিরের কথা চিন্তা করুন।
শনিবার চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহম্মদ বলেন, ইঁদুর তো আমাদের ঘরে আছে, যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করেছে।
তিনি বলেন, দরকার হলে এ সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের নেতৃত্বে এখান থেকেই আন্দোলন শুরু হবে। চট্টগ্রাম থেকে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আন্দোলন শুরু হয়েছিল।
সরকার ‘জি হুজুর’ সংস্কৃতিতে চলছে। প্রধানমন্ত্রীকে বলতে হবে-আমি প্রধানমন্ত্রী, আমি কথা বলব, আমার কোনো চাকরের প্রয়োজন নেই।
তিনি আরও অভিযোগ করেন, ১১ দলীয় জোটকে সহযোগিতা করা হলেও দেশের স্বার্থবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। চারদিকে শত্রু রেখে বাঁচা সম্ভব নয়। বিরোধী দলের সঙ্গে অন্তত বন্ধুত্বের পথ তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। সচিবালয়ে দালাল চিহ্নিত করা হচ্ছে, তাহলে থানা ও উপজেলা পর্যায়ের দালালদের কেন চিহ্নিত করা হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের এক-তৃতীয়াংশ অশিক্ষিত ও লুটেরা। এরা দেশ ও জনগণের শত্রু। ব্যাংকে টাকা নেই-এটা জনগণের টাকা লুটের ফল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































