খুলনা রেঞ্জের ডিআইজি হলেন মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তিনি খুলনা রেঞ্জের তৎকালীন ডিআইজি মো. রেজাউল হকের স্থলাভিষিক্ত হলেন।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়।
মো. মোস্তাফিজুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। পরে গত বছরের ২৬ নভেম্বর তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হন। এরপর পুলিশ সদরদপ্তরে দায়িত্ব পালন শেষে চলতি বছরের মার্চ মাসে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ বাহিনীতে একজন মেধাবী, দক্ষ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে মো. মোস্তাফিজুর রহমানের সুনাম রয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক ও আইনশৃঙ্খলাবিরোধী তৎপরতা প্রতিরোধে মাঠপর্যায়ে নিবিড় তদারকি করেন। অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন। বিশেষ করে গত ২৩ জুন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল রেঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তার সার্বিক তদারকিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































