নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে তার চাচাতো ভাই মো. শাহাদাতের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী শুক্লা সাহা।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত (২৬) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা। নিহত আসমা একই গ্রামের মৃধা বাড়ির মওলানা মো. শাহজাহানের মেয়ে। সম্পর্কে শাহাদাত ছিলেন তার চাচাতো ভাই।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে (২৬) গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।
তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।
হৃদয়বিদারক এ ঘটনা তৎকালীন সময়ে নোয়াখালীসহ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ চার বছরের বিচারিক কার্যক্রম শেষে এবং বিচারক পরিবর্তনের তিনটি ধাপ অতিক্রম করে অবশেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































