শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শিশুদের দেশের ভবিষ্যৎ সম্পদ উল্লেখ করে তাদের সুশিক্ষা, সততা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, “শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।”
আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন।
এ সময় তিনি বলেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম বয়ে আনবে। শিশুদের মেধা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
ডা. জুবাইদা রহমান ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন শিশুর সঠিক মূল্যবোধ ও চরিত্র গঠনের মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ে ওঠে।
অনুষ্ঠানে শিশুদের কল্যাণ, শিক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































