ন্যাটো সম্মেলনে ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সমঝোতা চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণা দিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সমঝোতার অধ্যায় শেষ হয়ে গেছে।
সম্মেলনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী সমঝোতা আর কার্যকর নেই।
ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক ছিল, তার দিন শেষ। গত রাতে আমরা তাদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে পরমাণু সক্ষমতা থেকে বঞ্চিত করা। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র আগে থেকেই তেহরানকে সতর্ক করেছিল যে কোনো ধরনের হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে।
অন্যদিকে, ইরান ইস্যুতে ন্যাটোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে মোকাবিলার ক্ষেত্রে সামরিক জোটটি যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহযোগিতা দেয়নি। এ কারণে ন্যাটোর প্রতি নিজের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেন তিনি।
এদিকে, ইরানকে কেন্দ্র করে ইউরোপীয় দেশ স্পেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি স্পেনকে “বাজে মিত্র” আখ্যা দিয়ে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন বলে জানান। ট্রাম্পের অভিযোগ, গত মার্চে স্পেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলাকে কেন্দ্র করে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে, যা অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































