ইরান যুদ্ধ ও ন্যাটো ইস্যু
স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্পেনে মার্কিন কর্মকর্তাদের সফরও বাতিলের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় এবং ইরান–সংক্রান্ত অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
আঙ্কারায় ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেনের সঙ্গে তিনি আর কোনো বাণিজ্য করতে চান না। এ সময় পাশে থাকা যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ব্যবস্থা নিতে।
দুই দেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে মতবিরোধ থেকে। ন্যাটোর নতুন লক্ষ্য অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে সদস্য দেশগুলোকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়। তবে স্পেন এ লক্ষ্য মানতে আপত্তি জানায়। এরপর থেকেই ট্রাম্প স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং দেশটির পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন।
তবে ট্রাম্পের ঘোষিত নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ স্পেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এবং ইইউর সদস্যদেশগুলোর বাণিজ্যনীতি কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়।
ইরান ইস্যুতেও ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পাশাপাশি, ইরানবিরোধী সামরিক অভিযানে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তও নেয় মাদ্রিদ। এতে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ট্রাম্প বলেন, ন্যাটোতে স্পেন ‘ভালো অংশীদার নয়’ এবং দেশটি যথাযথ প্রতিরক্ষা ব্যয়ও করে না। তাঁর ভাষ্য, স্পেনের সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখতে চান না এবং বাণিজ্য ও সরকারি সফর বন্ধ রাখতে চান।
সূত্র: পলিটিকো
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































