ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত

ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে আজ বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি মাথায় রেখে এক দিনের জন্য সব একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































