ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদ দূর করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপবৃন্দ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ-সংক্রান্ত সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় লজিস্টিক সাপোর্ট ও প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করবেন।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































