বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১০:০৬
অ- অ+

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মূল্যবান এই ধাতুটির দাম। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩২ দশমিক ৭৪ ডলারে পৌঁছায়। এর আগে গত ৫ জুন স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডের সুদের হার কমার সম্ভাবনাই স্বর্ণের দাম বৃদ্ধির অন্যতম কারণ।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, স্বর্ণের দাম ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে যাওয়ার সময় যারা কিনতে পারেননি, তাদের মধ্যে এখন কেনার প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি কিছু জল্পনামূলক বিনিয়োগকারী শর্ট পজিশন বন্ধ করছেন। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও বাড়ছে।

বাজারের পরবর্তী বড় চালক হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যকে। বুধবার দেশটির জুলাই মাসের ভোক্তা মূল্যসূচক (CPI) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (PPI) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এসব তথ্য ফেডের সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশায় বড় প্রভাব ফেলতে পারে।

গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের জুলাইয়ের কর্মসংস্থান তথ্য প্রত্যাশার তুলনায় দুর্বল হওয়ায় সেপ্টেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়েছে। জুলাইয়ের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখলেও তিনজন কর্মকর্তা হার বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন।

সাধারণত সুদের হার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের দাম বাড়ে। কারণ, সুদ না দেওয়া স্বর্ণের তুলনায় সুদভিত্তিক সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরানের সঙ্গে শান্তি চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। এতে হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।

এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আসন্ন সিপিআই তথ্যকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৩০ ডলার, প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬৫ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৪ ডলারে দাঁড়িয়েছে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনটি আমার স্পষ্ট মনে আছে
দেশের বাজারেও স্বর্ণের দামে উল্লম্ফন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, মামলা ৫৮
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, শেষ সময় ১৭ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা