ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে লামায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বান্দরবানের লামা উপজেলায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার সৌজন্যে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে।
এলাকাবাসীও কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ জানিয়ে লামা উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। পরিকল্পিতভাবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ পাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































