কদমতলীতে পাঁচটি ককটেলসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেপ্তারকৃত যুবকের নাম– নাঈম খান (২৪)। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
সোমবার বিকালে র্যাব-১০, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার তাপস কর্মকার এ তথ্য জানান।
র্যাব-১০ জানায়, গতকাল রবিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কদমতলী থানার জুরাইন এলাকার হাবিবুল্লাহ সুপার মার্কেট এলাকায় অভিযান চালায় র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে নাঈম খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা উদ্ধার করা ককটেলগুলো ধ্বংস করেন।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তাঁকে জব্দ করা আলামতসহ কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































