ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে।
সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় ঢাকার নিচু এলাকা ও দুর্বল পানি নিষ্কাশনব্যবস্থার সড়কগুলোতে জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
ফলে আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































