রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দুই দিন আগে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ভোটকে সামনে রেখে নানা ধরনের প্রস্তুতিমূলক কাজ রয়েছে। সংসদ কক্ষে ভোটগ্রহণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা প্রয়োজন হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচন কমিশনের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও সভায় অংশ নিয়েছেন।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রায় সাড়ে তিন দশক পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় থাকলেও বিরোধী দল জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় প্রকাশ্যে।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন ভবনে সিইসির কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াত তাদের দলীয় প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































