বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে: এমপি বাদশা

বগুড়া প্রতিনি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৭:২৭
অ- অ+

বগুড়ার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা বিশ্বদরবারে তুলে ধরতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অপপ্রচারের মাধ্যমে বগুড়ার উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, সাংবাদিক বন্ধুদের এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে বগুড়া প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আড়াই হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের বগুড়া প্রাচীনকালে পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল এবং পাকিস্তান আমলেও এটি অন্যতম প্রধান শিল্পনগরী ছিল। রাজশাহী বোর্ডের মধ্যে সেরা ফলাফল করেও বগুড়ায় দীর্ঘকাল বিশ্ববিদ্যালয় ও বিভাগ দেওয়া হয়নি। তবে বগুড়াকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বগুড়ায় বিমানবন্দর ও আন্তর্জাতিক মানের কার্গো সুবিধা চালু হলে এখান থেকে আম, আলু ও সবজি মাত্র ২ থেকে ৬ ঘণ্টার মধ্যে ২২টি দেশে রপ্তানি করা সম্ভব। এসব সম্ভাবনা ও দাবির কথা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে হবে।

বিগত ১৭ বছরে বগুড়া যেসব নাগরিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তা ফিরিয়ে এনে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী, বগুড়ার সুযোগ্য সন্তান ও অহংকার তারেক রহমান যেভাবে দেশকে পরিচালনা করছেন, তাতে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশে রূপ নেবে। তবে এই স্বনির্ভরতা রোধ করতে একশ্রেণী ষড়যন্ত্র শুরু করেছে, যাদের চিহ্নিত করতে হবে।

অনুষ্ঠানে ৪টি জেলার মোট ২০ জন সাংবাদিককে চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে বগুড়া জেলার ২ জন মৃত্যু জনিত কারণসহ ১০ জন, রাজশাহী জেলার ৮ জন, নওগাঁ জেলার ১ জন এবং সিরাজগঞ্জ জেলার ১ জন সাংবাদিক রয়েছেন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন
ইস্তাম্বুলে ভবন ধসে শিশুসহ নিহত ৫
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
৮ বিভাগে ২০টি ‘মডেল খাল’, কর্মসংস্থান হবে ২ হাজার ৪০০ পরিবারের