সৌদি আরবগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব করতে চায় ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:২৫
অ- অ+

সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া।

দুই দেশের যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান ইন্দোনেশিয়ার ভাইস মিনিস্টার। একই সঙ্গে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ নিতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সরকারি সফরে বাংলাদেশে আসা আনিস মাত্তার বৃহস্পতিবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জায়েদ খানকে কানাডিয়ান পুলিশের পোশাকে দেখে চমকে গেলেন ভক্তরা!
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
আলফাডাঙ্গায় শাহানারা একাডেমির তালা ভেঙে মোটর ও সোলার ব্যাটারি চুরি, থানায় অভিযোগ