‘আমিনুল হক স্যারকে সভাপতি হিসেবে দেখতে চাই’, পোস্ট করা সেই ওসি নোমানকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৫২
অ- অ+

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর দলটির সাবেক আহ্বায়ক আমিনুল হককে আবারও সভাপতি হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট করা রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান হোসেনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) পদায়ন করা হয়। তার স্থলে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মো. মোস্তফা জামান।

কমিটি বিলুপ্তির দুই দিন পর রূপনগর থানার ওসি নোমান হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি আমিনুল হককে আবারও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন। একই পোস্টে আমিনুল হককে ‘সৎ, নীতিবান, আদর্শবান ও পরোপকারী মানুষ’ বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে নোমান হোসেন লেখেন, ‘ঢাকা মহানগর উত্তরের সব জনগণ আবার আমিনুল হক স্যারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই।’

ওসির ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কমিটি নিয়ে এমন প্রকাশ্য বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছিলেন, তিনি ওসির স্ট্যাটাসটি দেখেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

পরে গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের খবর জানতে পেরে নোমান হোসেন ফেসবুক থেকে পোস্টটি মুছে দেন।

এর মধ্যে আজ ডিএমপির বদলি-পদায়নের আদেশে তাকে রূপনগর থানার ওসির পদ থেকে সরিয়ে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
পাংশায় আমবাগানে মিলল ৪২টি অবিস্ফোরিত ককটেল
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট-অর্থ আত্মসাৎ, এসআরবির অভিযানে আটক ১২
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন