মাশরাফির এখনই অবসরে যাওয়া উচিৎ নয়: মাসাকাদজা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১০:৪৩
অ- অ+

বাংলাদেশের অন্যতম সফল পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়। মুখোমুখি লড়াইয়ে দুই দল একে অপরের বিপক্ষেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও পরিচিত মুখ এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। ফলে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে কাছ থেকেই দেখেছেন নিয়মিত। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার মনে করছেন মাশরাফির অবসরের এখনই উপযুক্ত সময় নয়।

নিজে ক্রিকেট ছেড়েছেন গতবছর, সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। ভূমিকা বদলে খেলোয়াড় থেকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করছেন ৩৬ বছর বয়সী মাসাকাদজা। মাসাকাদজার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটলেও মাশরাফি খেলে যাচ্ছেন এখনো। টি-টোয়েন্টি ও টেস্ট জার্সি তুলে রাখলেও টাইগারদের হয়ে ওয়ানডেতে খেলা ছাড়েননি দেশের অন্যতম সেরা এই পেসার।

প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবসর ইস্যুতে হচ্ছেন বেশ সমালোচিত। বোর্ড-মাশরাফি দু’পক্ষই স্পষ্ট করছে না কোন কিছু। অবসর ইস্যুতে বারবার প্রশ্নের সম্মুখীন হওয়া মাশরাফি দিন দুয়েক আগে সংবাদ সম্মেলনেতো অনেকটা ক্ষোভই ঝেড়ে দিলেন। তার অমন উত্তপ্ত সংবাদ সম্মেলনের পর বোর্ড সভাপতি অবশ্য সুর বদলে জানালেন অবসরের সিদ্ধান্ত একান্তই মাশরাফির।

এদিকে জিম্বাবুয়ের ক্রিকেট পরিচালক হওয়ার সুবাদে আবারও বাংলাদেশে হ্যামিল্টন মাসাকাদজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের আগে দলের অনুশীলনে উপস্থিত ছিলেন মাসাকাদজাও। লম্বা সময় নিজেও করেন ফিটনেস ট্রেইনিং। দুপুরের পর তার সাথে আলাপকালে কথা হয় অনেক বিষয় নিয়েই। মাশরাফি অবসর ইস্যুও উঠে আসে কথার ফাঁকে। বাংলাদেশ সবসময়ই উপভোগ করেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সৌন্দর্য্যের প্রশংসা করেছেন বেশ।

মাশরাফি প্রসঙ্গে মাসাকাদজা বলেন এখনই অবসরে যাওয়া উচিৎ হবেনা বাংলাদেশ দলপতির। তাঁকে প্রকৃত টাইগার উল্লেখ করে মাসাকাদজা বলেন, ‘আমার মনে হয়না তার অবসরে যাওয়া উচিৎ। ব্যক্তি হিসেবে, একজন অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত। সে দারুণ সাফল্য এনে দিয়েছে নেতা হিসেবে। এখনো সে ছেলেদের সাথে যেভাবে খেলছে আরও একটা বড় টুর্নামেন্ট খেলা অস্বাভাবিক কিছুনা।’

মাসাকাদজা যোগ করেন, ‘একজন খেলোয়াড় হিসেবেও সে অসাধারণ, এই যেমন গতকাল সে আসলো বল করলো উইকেট তুলে নিল। আমার মনে হয় সে বাংলাদেশ ক্রিকেটের প্রকৃত টাইগার। আমি মনে করি সে আরও কিছুদিন চালিয়ে যাওয়া সম্ভব। তাকে অবসরের জন্য জোরাজুরি করাটা ঠিক নয়।’

(ঢাকাটাইমস/০৩ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4