সাবেক অতিরিক্ত আইজিপির বাসায় ডাকাতি, ৩৮ লাখ টাকার মালামাল লুট

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার মোজাম্মেলের বাসার জানালার গ্রিল কেটে ৪৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এসময় আলমারিতে থাকা আরও ৪০০ সিঙ্গাপুরের ডলার ও ১৫০ রিংগিতও নিয়ে যায় দুর্বৃত্তরা। যার প্রায় ৩৮ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যান তারা।
গতকাল সোমবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠ তলার ডুপ্লেক্স বাসায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখছি। এখনো ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি বলেন, সোমবার রাতের যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। বাসাটি সাবেক অতিরিক্ত আইজিপির।
খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালী হোসেন বলেন, 'ডুপ্লেক্স বাসায় আমরা স্বামী-স্ত্রী নীচতলায় থাকি। ছেলে-মেয়েরা উপরের রুমে থাকে। গতরাতে তারা ছিল না। আমার মেয়ে যে রুমে থাকে সেই রুমে ডাকাতির ঘটনা ঘটেছে।
মিতালী বলেন, 'রুম বন্ধ ছিল। আজ সকালে ৮টার দিকে ঘুম থেকে উঠে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য গৃহপরিচারিকা ওপরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওপরের একটি কক্ষ ভেতর থেকে লক করা। চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় জানালার গ্রিল কাটা। এছাড়া রুমের আলমারির তালা ভাঙা অবস্থায় ছিল।
ওসি মনিরুল বলেন, ভুক্তভোগী বাদী হয়ে রাজধানীর রমনা থানায় দুটি মামলা করেছেন। এ ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা কাজ করছে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এএইচ/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































