যেসব দায়িত্ব পালন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পাচ্ছেন- এটা অনেকটা চূড়ান্ত। বুধবার রাতে সংশ্লিষ্ট সূত্র ঢাকাটাইমসকে মোটামুটি এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালের বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।
কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্যও উজ্জ্বল অবদান রেখেছেন।
আবদুল্লাহ আল মামুন ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি, ডিএমপির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া নীলফামারী জেলার সুপারিনটেনডেন্ট পুলিশ, ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি), এআইজি (এস্টাব্লিশমেন্ট) এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এরপর পরবর্তী পুলিশপ্রধান কে হচ্ছেন, তা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলে আসছিল।
জানা গেছে, নতুন আইজিপি কে হবেন সে বিষয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার দিনভর পুলিশপ্রধানের দায়িত্ব কে পেতে যাচ্ছেন সেই আলোচনা ছিল সর্বত্র। শোনা গিয়েছিল যাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তিনি বর্তমানে পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর ওই ইউনিটে তার স্থলাভিষিক্ত কে হবেন, সেই নামও চূড়ান্ত করে রাখা হয়েছে।
আগামী সপ্তাহে মন্ত্রণালয় থেকে নতুন পুলিশপ্রধানের নাম প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে নতুন পুলিশপ্রধানের নাম প্রস্তুত আছে জানিয়ে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকাটাইমসকে বলেন, ‘পরবর্তী আইজিপি কে হচ্ছেন, তা ঠিক করা হয়েছে। সময় হলেই জানতে পারবেন।’
তবে বর্তমান পুলিশপ্রধানের চাকরির মেয়াদ যে বাড়ানো হচ্ছে না সে আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় থাকা পরবর্তী আইজিপির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রজ্ঞাপন হোক। তা না হওয়া পর্যন্ত নতুন আইজিপির নাম তিনি বলতে চাননি।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাটাইমসকে বলেন, ‘অনেকেই একজন অফিসারের নাম বলছেন। আমার উচিত হবে না নাম বলা। প্রজ্ঞাপন হলেই তো জানা যাবে।’
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












