রাজবাড়ীতে দুটি ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেল উদ্ধার; গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে এসআরবি-১০।
জানা গেছে, এসআরবি-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার ইসলাম শেখ গোয়ালন্দঘাটের ভোলাই মাতবর পাড়ার বাসিন্দা। তার বাবার নাম এরশাদ সেক। তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













