গাইবান্ধায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক

গাইবান্ধায় ব্যবসার কথা বলে নেওয়া সাড়ে ৯ লাখ টাকা ফেরত চাইতে গিয়ে ধারালো অস্ত্রের হামলায় শাহরিয়ার সাগর (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের লক্ষ্মীপুর সড়কের একটি গ্যারেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ব্যবসার অংশীদার করার প্রলোভন দেখিয়ে সাগরের কাছ থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা নেন পশ্চিম কোমরনই এলাকার মিথুন মিয়া। টাকা নেওয়ার পর কোনো লভ্যাংশ বা ব্যবসা না দিয়ে টালবাহানা শুরু করেন তিনি। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার চাওয়ায় সাগরের ওপর ক্ষিপ্ত হয় অভিযুক্ত পক্ষ।
বুধবার বিকেলে সাগর টাকা চাইতে গেলে মিথুন, সিহাব ও আশা বেগমসহ কয়েকজন তার ওপর চড়াও হন। একপর্যায়ে মিথুন ধারালো চাপাতি দিয়ে সাগরের মাথায় কোপ দিলে তা ডান হাতের কবজিতে লেগে হাড় ও রগ কেটে যায়। পরে সিহাব ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করেন এবং অন্য সহযোগীরা রড ও লাঠি দিয়ে মারধর করেন। এসময় হামলাকারীরা সাগরের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
স্বজনরা প্রথমে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আহত সাগরের ভাই মো. শামিম মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় এজাহার দিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এজাহার পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই মামলাটি নথিভুক্ত করা হবে।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










