বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ৭ লাখ পশু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ১৩:৩৪| আপডেট : ০৩ জুন ২০২৪, ১৩:৫৪
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় সাড়ে ৭ লাখেরও বেশি পশু। জেলার ৪৮ হাজার ৪৫৩ জন খামারি এসব পশু প্রস্তুত করেছেন। তবে পশু পালন করতে গিয়ে খাবারের খরচ বেশি হওয়ায় প্রত্যাশিত দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অফিস বগুড়া সূত্রে জানা গেছে, গত বছর কোরবানির জন্য পশু প্রস্তুত ছিল ৭ লাখ ২৬ হাজার ৫৯৭টি। এবার কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৪১৫টি, যা চাহিদার চেয়ে ২৯ হাজার ১৫৫টি বেশি। এসব পশুর মধ্যে রয়েছে গরু ২ লাখ ৭০ হাজার ৪১টি, মহিষ ২ হাজার ২৬৬টি, ছাগল ৪ লাখ ২২ হাজার ২৫৭টি এবং ভেড়া ৩৯ হাজার ৮৫১টি।

বগুড়ার শেরপুর উপজেলার মান্দাইন গ্রামে অবস্থিত ‘সমতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের’ স্বত্বাধিকারী মনজুরে মওলা মিল্টন বলেন, গত ২ বছরের বেশি সময় হলো তিনি এই খামার প্রতিষ্ঠা করেছেন। এর আগে তার বাড়িতে ২০টি গরু লালন পালন করা হতো। সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে তার গরুর খামার করার পরিকল্পনা আসে। বর্তমানে তার খামারে বিভিন্ন প্রজাতির ৯৬টি পশু রয়েছে। এর মধ্যে দেশি গরু ৩০টি, হোলস্টেইন ফ্রিজিয়ান ৪০টি এবং শাহীওয়াল গরু রয়েছে ২৬টি। এছাড়া কয়েকটি মহিষও রয়েছে। তার খামারে এক লাখ ৮০ হাজার টাকা থেকে ৭ লাখ টাকা পর্যন্ত দামের গরুও রয়েছে।

মিল্টন বলেন, দানাদার খাবারের দাম এখন অনেক বেশি। শুধুমাত্র এই খাবারের ওপর ভরসা করলে খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য নিজস্বভাবে ঘাস বা সাইলেজের ব্যবস্থা রাখতে হবে। তাহলে বর্তমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে গরু লালন পালন করা সম্ভব হবে।

এই গরুগুলোর কিছু ঢাকায় আর কিছু স্থানীয় হাটে বিক্রি হবে বলে জানান তিনি। তবে বেশির ভাগই খামার থেকে বিক্রি হবে বলে জানান তিনি। আশা করছেন ঈদ উপলক্ষে তার খামারের ৯৬টি পশুর মধ্যে অন্তত ৬০ থেকে ৬৫টি পশু বিক্রি করতে পারবেন। যার মূল্য হবে প্রায় ৩ কোটি টাকা।

মনজুরে মওলা মিল্টন আরও বলেন, খাবারদাবারসহ সব কিছুর দাম বেশি হওয়ার কারণে এবার গরুর দামও বেশি। গত বছর যে গরু এক লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেই গরু এবার এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করতে পারলে লাভ পাওয়া যাবে।

খামারটির পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, খামারের একটি গরুতে প্রতি মাসে খরচ পড়ছে ৭ হাজার ৫০০ টাকা। কোরবানি উপলক্ষে এখন পর্যন্ত ৩টা গরু বিক্রি হয়েছে।

তিনি বলেন, গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি হতেই হবে। না হলে লোকসান হয়ে যাবে। কারণ খাবারের দাম অনেক বেশি। ভুট্টা, গম, গমের ভুসি, ধানের কুড়া এগুলোর দাম অনেক বেশি। এছাড়া খামার পরিচালনা করতে গিয়ে আরও অনেক খরচ আছে।

মোস্তাফিজুর রহমান বলেন, গরুর আসলে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না। গোবরও বিক্রি করা যায়। এজন্য গরুর গোবরগুলো এক জায়গায় জমানো হয়। পরে সেখান থেকে মাছ চাষি এবং জমি চাষিরা কিনে নেন।

তার মতে, অনেকেই গরু কেনার পর রাখার জায়গা, খাবার এবং পরিচর্যা নিয়ে সমস্যা পড়েন। তবে আমাদের কাছ থেকে কেউ গরু কিনলে আমার খামারেই রাখতে পারবে। আমি এখন যেভাবে খামারে গরু লালন পালন করছি, সেভাবেই বিক্রি হয়ে যাওয়া গরুটিকেও লালন পালন করবো। ক্রেতারা চাইলে আমরা ঈদের আগের দিন তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব।

উপজেলার শেরুয়া এলাকার খামারি জাহাঙ্গীর আলম জানান, ‘ধান-চালের ব্যবসার পাশাপাশি আমি গরুর খামার করেছি। আমার খামারে ৩৫টি কোরবানির গরু প্রস্তুত ছিল। এর মধ্যে দশটি গরু বিক্রি হয়েছে আর ২৫টি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ভারত থেকে গরু না আসলে আশা করি ভালো দাম পাব।’

উপজেলার হাজিপুর এলাকার খামারি শাওন জানান, ‘আমার খামারে একটি ৩৮ মণ ওজনের গরু রয়েছে। যার দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। গরুটি আমি পাঁচ বছর ধরে লালন পালন করে আসছি। শখের বশে আমি এই গরুটি বড় করেছি। গরুর নাম দিয়েছি বাংলার রাজা।’

শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রেহানা খাতুন বলেন, ‘কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে গবাদি পশু পালন করে হৃষ্টপুষ্ট করা যায় সেই বিষয়ে আমরা সারা বছর খামারিদের পরামর্শ দিয়ে আসছি। আমাদের উপজেলার ৬ হাজারের অধিক খামারি ৭২ হাজার ৯৬২টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রেখেছেন। আশা করা যাচ্ছে এ থেকে ৫৭০ কোটি টাকার বেশি লেনদেন হবে। ইতোমধ্যে আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে ১১টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি। প্রতিটি স্থায়ী অস্থায়ী হাটে এই টিমটির কার্যক্রম অব্যাহত থাকবে।’

জেলার অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাসরিন পারভিন বলেন, ‘কোরবানি উপলক্ষে প্রতিটি উপজেলার বড় হাটগুলোতে আমাদের মেডিকেল টিম থাকবে। হাটে হঠাৎ তাপমাত্রা বেড়ে গেলে কী ধরনের মেজারমেন্ট নেবে, খাওয়াদাওয়ার বিষয়টি কীভাবে দেখবে এসব দেখাসহ কোনো পশু অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেবে।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা