আলফাডাঙ্গায় অন্যের জমি নিজের নামে নামজারি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অন্যের জমি নামজারি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম।
বুধবার দুপুরে আলফাডাঙ্গা ডাকবাংলো সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তার বাবা মো. অলিয়ার রহমান তাকে ৩ শতাংশ জমি দানপত্র করে দেন। পরবর্তীতে গত ৬ মে তিনি ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে জানতে পারেন, জমিটি ইতোমধ্যে মো. শাম কাজী নামের এক ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছেন।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের (নম্বর ৭৯১) মাধ্যমে এই নামজারি করিয়েছেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, মূল দলিলে শহিদুল ইসলামের বাবার কোনো নাম, ছবি বা স্বাক্ষর নেই। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে এই নামজারিটি করা হয়েছে।
বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হলে তিনি প্রাথমিক সত্যতা পেয়ে শাম কাজীর নামজারিটি বাতিল করেন। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সাথে জড়িত ভূমি অফিসের অসাধু কর্মচারী ও মূল অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। উল্টো অভিযুক্ত পক্ষ থেকে তাদের পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই জালিয়াতি চক্রের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে, সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে নামজারিটি বাতিল করেছি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শাম কাজীকে মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































