ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি অসীম শেখ গ্রেপ্তার

ফরিদপুরে কোতোয়ালি থাবার গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. অসীম শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১ জুন দুপুরে ফরিদপুরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ফরিদপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০ এ একটি অধিযাচনপত্র পাঠান। সেই অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও অভিযান তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি অসীম শেখকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদেরও আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৮অক্টোবর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































