বিএনপি-জামায়াতের ‘ইগো’ সমস্যা জাতীয় ঐক্যের অন্তরায়: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৫, ২৩:৩৩| আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২৩:৩৪
অ- অ+

বিএনপি-জামায়াত ও এনসিপির দিকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করছে এবং সঙ্গে করে নিউইয়র্ক সফরে নিয়ে গেছেন, মনে হচ্ছে তাদের ‘ইগো সমস্যাই’ এখন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মানুষ এখন শান্তি ও ঐকমত্য চায়, কিন্তু সীমান্তের ওপারের শক্তিগুলো চায় বিভেদ, সংঘাত ও বিভক্তি। তিনি বলেন, গণভোট আয়োজন নিয়ে সবাই একমত হলেও এটি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে—এ নিয়ে দ্বিধা-বিভক্তি স্পষ্ট। সরকারের উচিত হবে উভয় পক্ষের মত শুনে গণভোটের তারিখ ও পদ্ধতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া।

বৈঠকের বিরতিতে দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে—‘সংবিধান আদেশ’, ‘অধ্যাদেশ’ নাকি ‘জুলাই সনদ আদেশ’—তা নিয়েও বিতর্ক চলছে। তিনি বলেন, এ বিতর্ক দেখে মনে হচ্ছে কেউ কেউ পরোক্ষভাবে সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, চূড়ান্ত ঐকমত্য না হলে সরকার বা ঐকমত্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য না হলেও গণভোটের মাধ্যমে তা সুরাহার সুযোগ তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ গণভোটে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের পক্ষে রায় দেবে, যা নোট অব ডিসেন্ট প্রদানকারী দলগুলোর অবস্থানকেও জনরায়ের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদির হজ ও উমরাহ মন্ত্রী
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা