রাজধানীতে গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা, আ. লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত চলা এ অভিযানে ডিবির বিভিন্ন বিভাগের সদস্যরা অংশ নেন।
রবিবার সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল ও গ্যাস বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও ঢাকার বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিল।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক (ছোটন চৌধুরী), শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (বাবলু), মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জসিম (বিল্লাল), মৎস্যজীবী লীগ নেতা মাহবুব রহমানসহ আরও অনেকে।
এছাড়া, কুমিল্লা, শরীয়তপুর, হবিগঞ্জ, নোয়াখালী, নেত্রকোণা, সিলেট, বরগুনা ও আশুলিয়াসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারাও এ তালিকায় রয়েছেন।ডিবির আটটি বিভাগ—মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান—সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। পৃথক সময়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গোপন বৈঠকে সংগঠনের কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































