আজও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: আফটারশক আরও কতদিন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:০৯
অ- অ+

বৃহস্পতিবার বিকালে আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মূল ভূমিকম্প শেষ হলেও ঝুঁকি পুরোপুরি কেটে যায় না। ভূ-পৃষ্ঠের নিচে জমে থাকা চাপ হঠাৎ স্থিতিশীল না হওয়ায় পরে যে ছোট ছোট কম্পনগুলো ঘটে, সেগুলোকেই আফটারশক বলা হয়। এটি মূল ভূমিকম্পেরই ধারাবাহিক ক্ষুদ্র প্রতিক্রিয়া।

ভূতাত্ত্বিকদের মতে, ভূগর্ভে সৃষ্ট ফাটল সঙ্গে সঙ্গে স্থির না হওয়ায় ফাটলের ধার দিয়ে আরও ক্ষুদ্র শক্তির প্রবাহ ঘটে। সে কারণেই কিছুক্ষণ পর আবার ছোট মাত্রার কম্পন ধরা পড়ে। এসব আফটারশক কখনো কয়েক মিনিটের মধ্যে দেখা দেয়, আবার কখনো কয়েক ঘণ্টা বা কয়েক দিন পরও হতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বড় ধরনের ভূমিকম্প হলে আফটারশক কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস বা বছর ধরেও চলতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এর মাত্রা কমলেও সংখ্যা অনেক বেশি হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ভূমিকম্পের পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হলো প্রথম ৭২ ঘণ্টা। এ সময়েই অধিকাংশ আফটারশক দেখা দেয়। তাই খোলা জায়গায় অবস্থান করা এবং ক্ষতিগ্রস্ত ভবনে না ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্বল ভবনগুলো ছোট কম্পনেও ধসে পড়তে পারে, যা বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

তাদের মতে, বড় কম্পন থেমে গেলেও সতর্কতা শেষ হয় না; বরং আফটারশকই পরবর্তী ঝুঁকির বড় উৎস। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকম্প-পরবর্তী সময়েই সর্বোচ্চ সতর্কতা জরুরি।

এদিকে বিজ্ঞানীরা বলছেন, এখনো পৃথিবীর কোথাও ভূমিকম্প নির্ভুলভাবে আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। দীর্ঘ গবেষণার পরও নির্ভরযোগ্য পদ্ধতি উদ্ভাবন না হওয়ায় নিকট ভবিষ্যতেও সঠিক আগাম বার্তা পাওয়ার সম্ভাবনা কম।

আজও ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—আফটারশক আর কতদিন? বিশেষজ্ঞদের ব্যাখ্যায় এর উত্তর নির্ভর করছে মূল কম্পনের শক্তি, ভূগর্ভের চাপ এবং স্থলভাগের গঠনের ওপর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম
শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা