আনচেলত্তির বই পড়ে ব্রাজিল বধের ছক কষছেন হাকিমি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৯:৫৮
অ- অ+

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে মজার এক মন্তব্য করেছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাকিমি জানান, ব্রাজিল কোচ আনচেলত্তিকে তিনি অনেক সম্মান করেন এবং তার লেখা সব বইও পড়েছেন। এমনকি ইতালিয়ান কিংবদন্তি কোচের ‘গোপন রহস্য’ জেনেই কিছুটা সুবিধা পাওয়ার আশা করছেন তিনি।

হাকিমি বলেন, ‘আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।’

তবে আনচেলত্তির কৌশল জানা থাকলেও ব্রাজিলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না পিএসজি তারকা।

তিনি বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।’

ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। ২০২৫ সালের মে মাসে ডরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই ইতালিয়ান। ইউরোপের পাঁচটি শীর্ষ লিগে শিরোপা জেতা একমাত্র কোচও তিনি।

এদিকে, ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস এবং মরক্কো অধিনায়ক হাকিমি ক্লাব ফুটবলে একই দলের সতীর্থ। ফরাসি ক্লাব পিএসজির হয়ে তারা একসঙ্গে সর্বশেষ দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তবে বিশ্বকাপের মঞ্চে বন্ধুত্বকে একপাশে সরিয়ে রাখার কথাই জানালেন মরক্কো অধিনায়ক।

হাকিমি বলেন, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’

উল্লেখ্য, রবিবার ভোর ৬টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। একই ভেন্যুতে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা