রাজধানীর গুরুত্বপূর্ণ ৫ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর সায়েন্স ল্যাব, মহাখালীর আমতলী, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এসব মোড় অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বুধবার দুপুর পৌনে ১২টা থেকে পর্যায়ক্রমে তাঁতীবাজার, আমতলী, টেকনিক্যাল ও সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ শুরু হয়। এতে এসব এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, আটকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন।
ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেককে বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।
অবরোধকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন। এর মধ্যে রয়েছে— ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’।
এদিকে তেজগাঁও কলেজের ছাত্ররা তাদের সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল রাস্তা এবং ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্পের মুখ বন্ধ করে রেখেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের বোঝানো হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হবে।
েএর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ এক দফা দাবিতে আজকের এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। তাদের দাবি, ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































