নতুন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায়, জানাল গণপূর্ত মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের পথে থাকা বিএনপির নেতৃত্বে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নতুন প্রধানমন্ত্রীর আবাসন নির্ধারণে অন্তর্বর্তী সরকার আগে থেকেই সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনায় রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে সরে গেলে ভবনটি সংস্কার করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারকাজ সম্পন্ন করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

এর আগে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের প্রেক্ষাপটে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে পৃথক কমিটি গঠন করা হয়েছিল। কমিটি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা বিবেচনায় নেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় উপদেষ্টা পরিষদ।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শহীদ মঈনুল রোডের বাসভবনে থাকতেন, যা পরবর্তীতে ভেঙে ফেলা হয়। ফলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নতুন করে নির্ধারণের প্রয়োজনীয়তা তৈরি হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয় পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

এদিকে, নতুন সরকারের মন্ত্রী ও ভিআইপিদের আবাসনের জন্য ৭১টি বাসা চূড়ান্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রীদের চাহিদা অনুযায়ী সেগুলো প্রস্তুত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি: গ্রেপ্তার ২
জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ময়লার ভাগাড়ে মিলল টাকার বস্তা‎!