২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম):
- ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
- ১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা
এর আগে ৯ মার্চ সকালে বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল।
বাজুস জানায়, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৫ বার বাড়ানো এবং ১৪ বার কমানো হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকায়। অন্য ক্যারেট অনুযায়ী রুপার দাম:
- ২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা
- ১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা
- সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা
চলতি বছরে রুপার দাম দেশের বাজারে ২৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার বৃদ্ধি এবং ৯ বার হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল, এবং ৩ বার কমানো হয়েছিল।
(ঢাকাটাইমস/১০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































