বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বাসসের ওয়েবসাইটেও এখন এমডি ও প্রধান সম্পাদকের স্থানে মাহবুব মোর্শেদের নাম আর দেখা যাচ্ছে না।
২০২৪ সালের ১৮ আগস্ট তাকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সময় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তাকে এই পদে নিয়োগ দেয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি।
এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত ১৯ ফেব্রুয়ারি গঠিত ওই কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাসসে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দুঃখজনক। তিনি জানান, বাসস একটি সরকারি সংবাদ সংস্থা এবং এখানে নিয়োগ ও অপসারণের নির্দিষ্ট বিধিবদ্ধ প্রক্রিয়া রয়েছে। সরকার সেই বিধি অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।
এর আগে রাজধানীর পল্টনে অবস্থিত বাসস কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির একাংশ সাংবাদিক ও কর্মচারী। তারা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলে বিক্ষোভের মুখে তিনি কার্যালয় ত্যাগ করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করেন, তাকে অপসারণের জন্য ‘মব তৈরি করে’ চাপ সৃষ্টি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































