সমালোচকরা এখন বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারে প্রণয়ন করা আইনগুলো ভালো ছিল বলে সমালোচকরা এখন বুঝতে পারছেন বলে মন্তব্য করেছেন ওই সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল লেখেন, আমরা একের পর এক উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম। মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ, দুদক আইন ছিল এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। বলেছিলাম এগুলোই প্রকৃত সংস্কারমূলক আইন।
তিনি লিখেছেন, অনেকে তখন ‘কোথায় সংস্কার, কোথায় সংস্কার’ বা ‘সরকার তো কিছুই করছে না ’বলে আমাদের নাকচ করেছেন। কেউ কেউ ‘অধ্যাদেশের সরকার’ বলে ব্যঙ্গ করেছেন। দু–একজন পণ্ডিত এমন কথাও বলেছে, এসব করে কী লাভ! এসব তো করবে নির্বাচিত সরকার!
আসিফ নজরুল লিখেছেন, এখন এটা ভেবে ভালো লাগছে যে, আমাদের বন্ধু ও সমালোচকরা বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো আসলেও ভালো ছিল এবং এসব করে রাখা দরকার ছিল। পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে এই আইনগুলো রাখার দাবি নিয়ে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































