‘গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
আজ বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।
এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান।
আজ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশকটি অধ্যাদেশ হুবুহু পাস করা হয়েছে যেমন, তেমনি একাধিক অধ্যাদেশ বাতিল করে বিলও পাস হয়েছে।
এ নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল—এসব প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় বিরোধী দলের আপত্তি রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































