ঢাকাসহ সব জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০
অ- অ+

দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে ঢাকাসহ সারাদেশে কয়েক দিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর—দেশের সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এর আগে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে—৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজ প্রশমিত হতে পারে।

আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া পরবর্তী দুই দিনে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এই বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, আজ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রবিবার থেকে আবার দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত স্বস্তি দিলেও দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে স্টার্লিং সাবমেশিনগানসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার
মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা