দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধস

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে ধস নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রভাবে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একদিনের ব্যবধানে আবারও নতুন করে দাম কমানো হলো।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম এখন পর্যন্ত ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে অধিকাংশ সময়ই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































