২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রামে পৌঁছাল ‘কিউচি’ জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি চলতি এপ্রিল মাসে আসা অকটেনের তৃতীয় চালান।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে নোঙর করে। দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। সব মিলিয়ে এ মাসে মোট ৭৯ হাজার টন অকটেন আমদানি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, দৈনিক প্রায় ১২০০ টন চাহিদার হিসেবে এই পরিমাণ জ্বালানি দিয়ে দুই মাসেরও বেশি সময়ের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে আরও পাঁচটি জাহাজ অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে। পাশাপাশি বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।
তিনি আরও বলেন, বন্দরের ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া খারাপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত জ্বালানি আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সুবিধা হবে।
(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































