সাহারা মরুভূমিতে লরি বিকল, পানির অভাবে প্রাণ গেল ৪৯ জনের

নাইজারের সাহারা মরুভূমিতে একটি যাত্রীবাহী লরি বিকল হয়ে যাওয়ার পর তীব্র পানির সংকটে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে মালি থেকে নিজ দেশে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তারা।
নাইজারের আগাদেজ গভর্নরেট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মালি থেকে নাইজারে ফেরার সময় যাত্রীবাহী লরিটি সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় বিকল হয়ে পড়ে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা সুপেয় পানির মজুত দ্রুত শেষ হয়ে যায়। পরে মালি সীমান্তসংলগ্ন আসামাকা এলাকার পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দূরে প্রত্যন্ত মরু অঞ্চলে তীব্র পিপাসা ও প্রতিকূল পরিবেশে ৪৯ জনের মৃত্যু হয়।
আগাদেজ গভর্নরেট জানায়, লরির চালক, তার সহকারী এবং যাত্রীরা যানটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরও গাড়িটি সচল করা সম্ভব হয়নি। ফলে প্রচণ্ড তাপদাহ, পানির সংকট এবং জনমানবশূন্য মরুভূমিতে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।
এ ঘটনায় মাত্র দুজন প্রাণে বেঁচে যান। তারা মরুভূমির মধ্যে পায়ে হেঁটে ৮০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একটি পানির উৎসের কাছে পৌঁছাতে সক্ষম হন। পরে আসামাকায় গিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে পুরো ঘটনার বিষয়ে অবহিত করেন।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অচল লরিটির নিচে ও আশপাশের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ গণকবরে দাফন করা হয়।
সাহারা মরুভূমির দুর্গম রুটগুলো দিয়ে অভিবাসী ও যাত্রীদের চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ও মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক এই ঘটনা অঞ্চলটির অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হচ্ছে।
(ঢাকাটাইমস/৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































