পরিবেশবান্ধব পরিবহনের দিকে এগোচ্ছে দেশ, বিআরটিসিতে আসছে ১০০ ইলেকট্রিক বাস

দেশে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগে নতুন এক মাইলফলক যোগ হতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস। এ জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুকূলে ৪০০ কোটি টাকার পরিচালন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি সমন্বিত, দক্ষ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক পরিবহন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, বিআরটিসির জন্য ইলেকট্রিক বাস কেনার পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দের প্রস্তাব দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রাথমিকভাবে পরিচালন বাজেট থেকে অনুদান চাওয়া হলেও রাষ্ট্রায়ত্ত হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় বিআরটিসিকে অনুদান দেওয়ার সুযোগ না থাকায় অর্থ বিভাগ সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। পরে শর্তসাপেক্ষে ৪০০ কোটি টাকা পরিচালন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র আরও জানায়, বাংলাদেশে ইলেকট্রিক যানবাহন এখনো তুলনামূলক নতুন হওয়ায় প্রকল্পটির বিভিন্ন দিক বিবেচনায় ঋণের সুদের হার মাত্র ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দুই বছরের গ্রেস পিরিয়ড শেষে ২০ বছরের মধ্যে ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। তবে অর্থ ছাড়ের আগে অর্থ বিভাগের সঙ্গে ঋণচুক্তি সম্পাদন বাধ্যতামূলক।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মসূচিতেও ইলেকট্রিক বাস চালুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প গ্রহণ সম্ভব না হওয়ায় পরিচালন ঋণের মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে।
অর্থ বিভাগের ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে পরিচালন ঋণ খাতে বরাদ্দ থাকা ১৭ হাজার কোটি টাকা থেকে সরকারি আর্থিক বিধি-বিধান ও সরকারি ক্রয় আইন অনুসরণ করে এ অর্থ দেওয়া হবে। এই অর্থে ইলেকট্রিক বাস সংগ্রহের পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণপরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও পরিবেশবান্ধব হবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































