পূবাইলে ছুরিকাঘাতে যুবককে হত্যা, ২৪ ঘন্টায় ৩ আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে নির্মম নির্যাতন ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে জিএমপি পূবাইল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জুয়েল ভাড়ায় একটি ইজিবাইক চালাতেন। কিছুদিন আগে ইজিবাইকের ব্যাটারি চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। ওই জরিমানার টাকা নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, খিলগাঁও এলাকার একটি খালি জমিতে নিয়ে জুয়েলকে একটি আকাশি গাছের সঙ্গে হাত-পা ও পেট রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে অভিযুক্তরা লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত চাঁন মিয়া ওরফে রিংকু ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে ও কাঁধের নিচে একাধিক আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ১ নম্বর আসামি চাঁন মিয়া ওরফে রিংকু (২৫), ২ নম্বর আসামি মো. রুবেল (২৮) এবং ৮ নম্বর আসামি মো. সোহেলকে (৩৮) গ্রেপ্তার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































