শাপলা চত্বর হত্যা মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জন পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ১৩:৫১| আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৬
অ- অ+

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক ৪১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

এর আগে মামলাটির বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, তদন্তে শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। তাদের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, যাতে বহু মানুষ নিহত ও আহত হন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হেফাজতে ইসলাম এ ঘটনার তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। তদন্ত শেষে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করলে তা আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী কার্যক্রম ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান ওএসডি
আশিয়ান সিটিতে কী ঘটেছিল? হাত-পা বেঁধে লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন অভিনেত্রী স্নিগ্ধা
পূবাইলে ছুরিকাঘাতে যুবককে হত্যা, ২৪ ঘন্টায় ৩ আসামি গ্রেপ্তার
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক লক্ষণ নেই, নজরদারি অব্যাহত: সিটিটিসি প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা