ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৩ জন, গুলশান বিভাগ থেকে ৫৬ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি আরও জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার চাকু এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানসহ নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































