জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান ও স্বীকৃতি নিয়ে আয়োজিত স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরকে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
আগামী ২২ আগস্ট, শনিবার দুপুর ২টায় রাজধানীর গোলাপবাগ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
স্মরণসভায় দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি।
আয়োজক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা, তাদের অবদান এবং সেই অবদানের স্বীকৃতি দেওয়ার বিষয়গুলো স্মরণসভায় তুলে ধরা হবে। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আলোচনাপর্ব শেষে জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































