পুলিশে শূন্য পদে আগে ২৮-২৯তম বিসিএসের কর্মকর্তাদের পদায়ন জরুরি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৭| আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৫
অ- অ+

পুলিশে যথাসময়ে পদোন্নতি ও শূন্য পদের বিপরীতে পদায়ন না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের চেইন অব কমান্ড সুসংহত রাখতে দ্রুত পদোন্নতি ও পদায়নের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিশেষ করে ২৮তম ও ২৯তম বিসিএসের সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শূন্য পদের বিপরীতে পদায়ন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জ্যেষ্ঠ দুই ব্যাচের যোগ্য কর্মকর্তাদের পদায়ন সম্পন্ন করার আগে ৩০তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের বিদ্যমান শূন্য পদে পদায়ন করা হলে পুলিশের প্রচলিত জ্যেষ্ঠতা ও কমান্ড কাঠামোতে জটিলতা সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের ২৫ জন কর্মকর্তা ২০২২ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। পরবর্তী সময়ে ২০২৩ সালের নভেম্বরে একই ব্যাচের আরও প্রায় ১০৩ জনসহ বিভিন্ন ব্যাচের মোট ১৫০ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে বিদ্যমান শূন্য পদের বিপরীতে ৮০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এখনও ২৮তম বিসিএসের প্রায় ৬০ জন কর্মকর্তা সুপারনিউমারারি পুলিশ সুপার হিসেবে শূন্য পদের বিপরীতে পদায়নের অপেক্ষায় রয়েছেন। ২৮তম ও ২৯তম বিসিএস মিলিয়ে এ সংখ্যা প্রায় ৯২ জন।

এ অবস্থায় জ্যেষ্ঠ এসব কর্মকর্তার পদায়ন সম্পন্ন করার আগেই ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বিদ্যমান শূন্য পদের বিপরীতে পদায়নের জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে—এমন খবরে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

কর্মকর্তাদের মতে, পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী। ফলে পদোন্নতি, পদায়ন ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ব্যাচভিত্তিক জ্যেষ্ঠতা, চাকরিকাল এবং কমান্ড কাঠামোর ভারসাম্য গুরুত্বপূর্ণ। ২৮তম ও ২৯তম বিসিএসের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নের বিষয়টি নিষ্পত্তি না করে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের শূন্য পদে পদায়ন করা হলে ভবিষ্যতে সাংগঠনিক জটিলতা তৈরি হতে পারে।

তাদের আশঙ্কা, ৩০তম বিসিএসের কোনো কর্মকর্তা শূন্য পদের বিপরীতে পুলিশ সুপার হিসেবে পদায়ন পেলে তার অধীনে ২৮তম বা ২৯তম বিসিএসের সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতে হতে পারে। এতে বাহিনীর প্রচলিত জ্যেষ্ঠতা ও কমান্ড কাঠামো প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা আগামী ডিসেম্বরে ১৭ বছর চাকরিতে পদার্পণ করবেন। দীর্ঘ চাকরিকাল, ব্যাচভিত্তিক জ্যেষ্ঠতা এবং ইতোমধ্যে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে শূন্য পদের বিপরীতে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।

তাদের মতে, ২৮তম ও ২৯তম বিসিএসের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগে শূন্য পদের বিপরীতে পদায়ন করা হলে কর্মকর্তাদের মধ্যে ন্যায্যতার অনুভূতি বজায় থাকবে। একই সঙ্গে পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ডও আরও সুসংহত হবে।

পদোন্নতির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন ঢাকা টাইমসকে বলেন, এটি সঠিক নয়। তবে সিনিয়রদের টপকে ৩০তম ব্যাচের পদোন্নতির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা টাইমস। প্রস্তাবটি আমলে না নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে আগে ২৮ ও ২৯তম ব্যাচকে সমন্বয় করার পরই পরবর্তী পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর বিষয়টি সামগ্রিকভাবে পর্যালোচনা করে জ্যেষ্ঠতা, চাকরিকাল, পদোন্নতির ধারাবাহিকতা, বাহিনীর কমান্ড কাঠামো এবং সুপারনিউমারারি পদোন্নতির শর্ত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।

তাদের দাবি, দীর্ঘদিন পদায়নের অপেক্ষায় থাকা ২৮তম ও ২৯তম বিসিএসের যোগ্য কর্মকর্তাদের আগে বিদ্যমান শূন্য পদের বিপরীতে পদায়ন করে এরপর অবশিষ্ট শূন্য পদে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের বিবেচনা করা হোক। এতে একদিকে কর্মকর্তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে, অন্যদিকে পুলিশের জ্যেষ্ঠতা ও কমান্ড কাঠামোর ভারসাম্যও বজায় থাকবে।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক
শ্রমিক দলের নেতাকে কুপিয়ে জখম, যুবদল নেতা জাহিদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
আমি আমার মতোই থাকতে চাই
আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা