আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে তিনি জেলা সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, দিনের শুরুতে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে অংশ নেবেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান এবং সম্মানী প্রদান কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া বেলা আড়াইটায় কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
শপথ গ্রহণের পর এই প্রথম কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক মেরামত, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
জেলার সংসদ সদস্যরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সফরে কিশোরগঞ্জের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য খাত নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
তারা আরও বলেন, জাতীয় মৎস্য পক্ষের মূল আয়োজন এবারই প্রথম রাজধানীর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। দেশের মোট মৎস্য উৎপাদনের বড় অংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হওয়ায় এ অঞ্চলের সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কটিয়াদীতে এ আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































