কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
আজ রবিবার (১৬ আগস্ট) সকালে গুলশানের বাসভবন থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান ও সম্মানি প্রদানসহ নানা কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরের শুরুতে সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর কটিয়াদী উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পরে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জ সফর করেন। সে সময় ভৈরব ও কুলিয়ারচরে একাধিক পথসভা ও জনসভায় অংশ নেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম কিশোরগঞ্জে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগে গত ২২ জানুয়ারি ভৈরবে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































