আগামী শুক্রবার থেকে মেট্রোরেল চলবে এক ঘণ্টা বেশি

ঢাকার মেট্রোরেল সেবা শহরবাসীর দৈনন্দিন যাতায়াতে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে বড় পরিবর্তন আনছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সংস্থাটি জানিয়েছে, আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ও রাতের ট্রেন চলাচল আরও সুবিধাজনক হবে, পাশাপাশি ট্রেনের বিরতিও কমানো হচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী—
-
উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট)।
-
মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়।
-
উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
-
মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
এছাড়া ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ট্রেন চলাচলের বিরতিও কমানো হচ্ছে। বর্তমানে সর্বনিম্ন ৬ মিনিট অন্তর ট্রেন চলাচল করলেও নতুন ব্যবস্থায় সোয়া ৪ মিনিট অন্তর একটি ট্রেন চলবে। এতে সকাল ও সন্ধ্যায় যাত্রীদের ভোগান্তি কমবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “পরিবর্তনগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা যাচাই করতে আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে সময়সূচি চালু করছি। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা যাবে।”
ট্রায়াল চলাকালে যাত্রী সংখ্যা, ট্রেনের সময়নিষ্ঠা, নিরাপত্তা এবং স্টেশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি যাত্রীদের মতামতও নেওয়া হবে।
পরীক্ষামূলক সময় সফলভাবে শেষ হলে ডিসেম্বরের মধ্যেই নতুন সময়সূচি চূড়ান্তভাবে কার্যকর হবে। এতে যাত্রী সুবিধা বাড়বে, যানজট কমবে এবং রাজধানীবাসীর প্রতিদিনের যাতায়াত আরও সহজ হবে।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































