আয়নাঘরে গুম-নির্যাতন: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন হুম্মাম কাদের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫০| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪
অ- অ+

আওয়ামী লীগ সরকারের সময় জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) কেন্দ্রে গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন হুম্মাম কাদের চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনা এ মামলাটি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত গুম ও নির্যাতনের অভিযোগ ঘিরে আলোচিত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের কিছু আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ তার জবানবন্দি গ্রহণ শুরু হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

হুম্মাম কাদের চৌধুরী বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। তিনি ২০১৬ সালে অপহরণের শিকার হন এবং প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর ২০১৭ সালের মার্চে বাড়ি ফেরেন। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে তিনি নিজের গুম হওয়ার ঘটনা, আটক অবস্থায় দীর্ঘদিনের নির্যাতন এবং জেআইসি সেলে কাটানো অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল ১৩ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে ১৯ জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

মামলার ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন—তৎকালীন ডিজিএফআই পরিচালক মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। সোমবার সকালে তাদের ঢাকা সেনানিবাসে অবস্থিত বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বাকি ১০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করা পাঁচজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। তারা হলেন—অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক।

অন্য আসামিরা হলেন—শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক ডিজিএফআই পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবির আহমেদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোখছুরুল হক।

রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পিতভাবে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা এই মামলাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, পুলিশও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী
আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা